চীনা নাগরিক খুনের কথা স্বীকার করলেন দুজন
যশোরে চীনা নাগরিক চেং হিসং খুনের ঘটনায় গ্রেপ্তার দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আমলি আদালতের বিচারক বুলবুল ইসলাম দুজনের জবানবন্দি রেকর্ড করেন।
সন্ধ্যা সাড়ে ৬টা থেকে দুজনের জবানবন্দি গ্রহণ শুরু হয়। শেষ হয় রাত সোয়া ১১টার দিকে।
এর আগে চীনা নাগরিক হত্যার ঘটনায় যশোর উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম হাওলাদার বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহত চেং হিসংয়ের ব্যক্তিগত সহকারী নাজমুল ও মুক্তাদিরকে আসামি করা হয়।
এদিকে আজ বেলা ১১টা পর্যন্ত নিহত চীনা নাগরিকের লাশ হস্তান্তর করা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ হস্তান্তর করা হবে।
গত বুধবার রাতে যশোর উপশহর এলাকার একটি বাড়িতে চীনা নাগরিক ব্যবসায়ী চেং হিসংকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি চীন থেকে ইজিবাইকের ব্যাটারি আমদানি করে যশোর অঞ্চলে ব্যবসা করতেন। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ চেং হিসংয়ের ব্যক্তিগত সহকারী নাজমুল ও নাজমুলের ভাইপো মুক্তাদিরকে গ্রেপ্তার করে।

সাইফুল ইসলাম সজল, যশোর