মাদারীপুরে নাড়া কাটা নিয়ে বিরোধ, একজনের মৃত্যু
মাদারীপুরে জমির নাড়া কাটা নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বিকেলে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ একজনকে আটক করেছে।
নিহত ব্যক্তির নাম আজাহার সরদার (৪৫)। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মাটিভাঙ্গা গ্রামের ইদ্রিস চৌকিদারকে (৪২) আটক করেছে।
মাটিভাঙ্গা গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, গ্রামে আজ বিকেলে বাড়ির পাশের ধানের জমির নাড়া কাটতে যান আজাহার সরদার ও তাঁর ছেলে সাইদুল সরদার (৩০)। নাড়া কাটার একপর্যায়ে পাশের জমি থেকে একমুঠো নাড়া কাটলে ওই জমির মালিক ইদ্রিস চৌকিদার এসে প্রথমে সাইদুলকে কাঁচি দিয়ে আঘাত করেন। তারপর কথা কাটাকাটির একপর্যায়ে আজাহার সরদারের গলা টিপে ধরেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজাহার সরদারকে মৃত ঘোষণা করেন। তাঁর ছেলে সাইদুল সরদারকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিফ আল নাঈম জানান, মাটিভাঙ্গা থেকে দুজন রোগী এসেছিল। তাদের মধ্যে একজন হাসপাতালে আসার আগেই মারা গেছেন। অন্যজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল মোর্শেদ জানান, নাড়া কাটা নিয়ে প্রথমে আজাহার সরদারের ছেলের সঙ্গে সংঘর্ষ হয়। পরে আজাহার সরদার ঘটনাস্থলে এলে কথা কাটাকাটির একপর্যায়ে হৃদরোগে মারা যান। এ ঘটনায় ইদ্রিস চৌকিদারকে আটক করা হয়েছে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর