বিদ্রোহী কবিকে ফুলে ফুলে স্মরণ
বিদ্রোহের কথা বলেছিলেন তিনি, বলেছিলেন শান্তির কথাও, মানবপ্রেমে উদ্বেলিত হয়ে বলেছেন সৃষ্টি সুখের উল্লাসের কথা-সেই মানবদরদী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আজ। আমাদের জাতীয় কবি নজরুল বাঙালির মুক্তির বাণী নিয়ে ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন। তাই মৃত্যুর ৩৯ বছর পরও বাংলার আপামর মানুষের মনে চিরজাগরূক বিদ্রোহী কবি নজরুল।
প্রেম ও দ্রোহের কবি নজরুলের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত কবিকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে শ্রদ্ধা জানাল সর্বস্তরের মানুষ। ছাত্র-শিক্ষক, রাজনীতিবিদ, মন্ত্রী, কবি পরিবারের সদস্যরা ছাড়াও শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
নানা আয়োজনে দিনটি পালন করছে বিভ্ন্নি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।
সরকারের পক্ষ থেকে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর কবির মাজারে শ্রদ্ধা জানান। আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকেও মাজারে ফুল দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে কবির প্রতি শ্রদ্ধা জানান শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। কবি পরিবারের সদস্যরাও এসেছিলেন কবির প্রতি শ্রদ্ধা জানাতে।
শ্রদ্ধা জানানো শেষে কবির নাতনি খিলখিল কাজী এনটিভি অনলাইনকে বলেন, ‘তিনি যে এত বৈচিত্র্যপূর্ণ গান লিখেছিলেন, এখন সেটা কেবল একটা শ্রেণির মধ্যে বিচরণ করছে। সর্বস্তরের মানুষ তাঁর গান শুনতে পারছে না, গাইতে পারছে না। তরুণদের আকৃষ্ট করতে হলে তাঁর গান-কবিতা অবশ্যই মানুষকে বেশি বেশি করে শোনাতে হবে, গাওয়াতে হবে, বোঝাতে হবে। নজরুলকে জানার এবং জানাবার অনেক বিষয় এখনো পড়ে আছে। যেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে।’
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘বাঙালি জাতি যখনই সংগ্রাম করেছে, যখনই কোনো বিপদ থেকে উত্তরণ করতে চেয়েছে তখনই কিন্তু নজরুলকে তাঁরা পাশে পেয়েছে। নজরুলের কবিতা, গান বাঙালি জাতিকে সব সময় সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছে।’
বাংলার সাহিত্য আকাশে মুক্তির বাণী নিয়ে ধূমকেতুর মতো আবির্ভূত হওয়া ঝাঁকড়া চুলের বাবরি দোলানো কাজী নজরুল ইসলাম কেমন ছিলেন, বাঙালির চেতনায় তাঁর অবস্থান কোথায়, তাঁর সৃষ্টির বৈচিত্র্য বর্তমান প্রজন্মের কাছে আরো বেশি করে তুলে ধরতে আহ্বান জানান সবাই।

নিজস্ব প্রতিবেদক