জামায়াত না ছাড়লে ইসি নিয়ে আলোচনা নয়, রাবিতে নানক
জামায়াতকে ত্যাগ না করলে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত ছাত্রলীগের ২৫তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নানক এ কথা বলেন।
সম্মেলনে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বাংলাদেশকে নিয়ে মৌলবাদী অপশক্তির ষড়যন্ত্র শেষ হয়নি। আজকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এই ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে তাদের সঙ্গে আলোচনা করতে বলছেন।’
আওয়ামী লীগ নেতা বলেন, ‘আপনারা কারা, আপনাদের সাংবিধানিক অবস্থান কোথায়, কী কারণে আপনাদের সঙ্গে আলোচনা করতে হবে? আলোচনা করতে চাইলে আপনাকে গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে হবে। একাত্তরের পরাজিত শক্তি, মানবতাবিরোধী শক্তি জামায়াত-শিবিরের সঙ্গ ত্যাগ করতে হবে। নতুবা আপনাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না।’
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘একসময় এই রাজশাহীতে অপশক্তির প্রভাব ছিল। মনে করো না জামায়ত-বিএনপি এখন ঘুমিয়ে গেছে। তারা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করবে। বিএনপির নেত্রী খালেদা জিয়া রাতে ঘুমান না, দিনে ঘুমান। তারা আবারও ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা করবে। তোমাদেরই স্বাধীনতাবিরোধী এ অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে ছাত্রলীগের সভাপতি সোহাগ রাবি ছাত্রলীগের বর্তমান কমিটিকে সভাপতি-সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ ঘোষণা করেন। পরে ওই পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এরপর বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়।
রাবি শাখা ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, সদস্য নজরুল ইসলাম ঠান্ডু, রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ আসনের সাংসদ মো. আয়েন উদ্দিন।

রাবি সংবাদদাতা