বর্ধিত ট্যাক্স বাতিলের দাবিতে রাজশাহীতে হরতালের ডাক
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিলসহ চার দফা দাবিতে মহানগরীতে আগামী ১১ ডিসেম্বর (রোববার) অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ।
আজ শনিবার বেলা ১১টায় নগরীর সোনাদীঘি মোড়ে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনের নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক বলেন, ‘নগরবাসীর আয়ের সঙ্গে সঙ্গতি না রেখেই রাজশাহী সিটি করপোরেশন অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স বাড়িয়েছে। এর প্রতিবাদে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। কিন্তু নগরবাসীর এই দাবি অগ্রাহ্য করে একতরফাভাবে বর্ধিত হোল্ডিং আদায়ে অনড় অবস্থানে থাকায় আমরা আন্দোলন জোরদারের সিদ্ধান্ত নিয়েছি।’
এনামুল হক বলেন, ‘আমরা আদালতেরও শরণাপন্ন হয়েছি। এরই মধ্যে হাইকোর্ট থেকে বর্ধিত হোল্ডিং ট্যাক্স কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে সিটি করপোরেশনের বিরুদ্ধে দুই সপ্তাহের রুল জারি করেছেন, যা আন্দোলনের শক্তি বাড়িয়েছে। সিটি করপোরেশন তার সিদ্ধান্তে অনড় থাকায় হরতালের ডাক দেওয়া হলো।’
বর্ধিত হোল্ডিং ট্যাক্স ছাড়াও অস্বাভাবিক হারে ট্রেড লাইসেন্স ও ব্যবসাপ্রতিষ্ঠানের সাইনবোর্ড ফি বাতিল এবং সহনীয় পর্যায়ে ভ্যাট আরোপের দাবিতে হরতাল ডাকা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ১১ ডিসেম্বর ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর সব ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন বন্ধ রাখারও আহ্বান জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব ফরিদ মামুদ হাসানসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

শ. ম সাজু, রাজশাহী