ফরিদপুর কারাগারে বঙ্গবন্ধুর স্মৃতি রাখা হবে
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেছেন, ফরিদপুর কারাগারের মধ্যে বঙ্গবন্ধুর যেখানে অবস্থান করেছিলেন, সেখানে তাঁর স্মৃতি ধরে রাখার জন্য খুব অল্প সময়ের মধ্যে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হবে।
আজ বৃহস্পতিবার ফরিদপুর জেলা কারাগার পরিদর্শন এবং কারারক্ষীদের জন্য নির্মিত শেডের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইজি প্রিজন।
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, বঙ্গবন্ধু কেনো এই কারাগারে ছিলেন তা সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্যই জেলখানার বাইরে এই স্মৃতিসৌধটি করা হবে। এর মাধ্যমে মানুষ সঠিক ইতিহাস জানতে পারবে।
কারারক্ষীদের শেড নির্মাণ প্রসঙ্গে আইজি প্রিজন বলেন, আমরা যে কারারক্ষীদের থাকার জায়গা (শেড) নির্মাণ করলাম সেখানে ৫০ জন সদস্য ভালোভাবে থাকতে পারবে। আগে কারারক্ষীরা অনেক কষ্টে থাকত, এখন আর সেই কষ্ট থাকবে না।
আইজি প্রিজন আজ সকাল ৯টায় শেড উদ্বোধন করেন। পরে তিনি কারাগারের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং সেখানে একটি বকুল গাছ রোপণ করেন।
এরপর ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জেলখানার কয়েদি ও কারারক্ষীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মানিক লাল বিশ্বাস, জেলসুপার আবুল কালাম আজাদ, জেলার ইমরান হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল প্রমুখ।
ফরিদপুর গণপূর্ত বিভাগ এক কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে কারারক্ষীদের থাকার জন্য এই টিনের শেডটি নির্মাণ করেছে।


সঞ্জিব দাস, ফরিদপুর