সুন্দরবনে ফাঁদসহ ৮ হরিণ শিকারি গ্রেপ্তার
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের দোবেকি এলাকায় হরিণ শিকারকালে আটজনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে চারটি নৌকা, জাল ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার রাতে এই আটজনকে মালঞ্চ নদীর কাছ থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খুলনার কয়রা উপজেলার মোশাররফ হোসেন, আমের আলি, আবদুল জলিল, পাইকগাছা উপজেলার আকবর আলি, আবদুর রাজ্জাক, সেলিম সানা, মুজিবর সানা ও সাঈদ সানা।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মাকছুদুল আলম জানান, আটক ব্যক্তিদের শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। তাঁরা বন বিভাগের পাস নিয়ে বনে ঢুকেছিলেন।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা