নগরকান্দায় চিঠি দিয়ে তিনজনকে হত্যার হুমকি জেএমবির
ফরিদপুরের নগরকান্দায় তিন ব্যক্তিকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)।
গতকাল সোমবার সন্ধ্যার পর ডাক পিয়ন ওই তিন ব্যক্তিকে চিঠি পৌঁছে দেন বলে জানা গেছে।
জানা গেছে, উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর গ্রামের সুবল দাশ (৬২), কমল বিশ্বাস (৫২) ও রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ কুমার ভৌমিকের নামে কুঞ্জনগর পোস্ট অফিসে তিনটি চিঠি আসে। গতকাল সন্ধ্যার পর পোস্ট অফিসের পিয়ন তপন কুমার দত্ত চিঠি বিলি করেন। চিঠি খুলে তার মধ্যে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা, ‘প্রস্তত হ পূজার আগেই তোদের জবাই করা হবে। জেএমবি- ফরিদপুর শাখা।’ চিঠি পড়ার পর তাঁরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। এ ঘটনায় এলাকাসহ সারা উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শিক্ষক প্রদীপ কুমার ভৌমিক বলেন, ‘আমার নামে একটি উড়ো চিঠি এসেছে খুলে দেখি চিরকুটের মাধ্যমে আমাকে হত্যার হুমকি দিয়েছে। চিরকুটে জেএমবি ফরিদপুর শাখার নাম উল্লেখ আছে।’
থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, ‘অভিযোগ পেয়ে আমি এলাকায় পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে আমাদের গভীরভাবে তদন্ত চলছে। আশা করছি, এর সঙ্গে জড়িতদের দ্রুত আটক করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আজিজ বলেন, এই সব অপকর্মের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হবে।

সঞ্জিব দাস, ফরিদপুর