সাতক্ষীরায় তিন জেলেকে ‘অপহরণ’
সুন্দরবনের সাতক্ষীরা অঞ্চলে মাছ ধরার সময় তিন জেলে ‘অপহরণে’র শিকার হয়েছেন। অভিযোগ ওঠেছে বনদস্যু আলম বাহিনীর সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে। মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেছে দৃর্বৃত্তরা।
আজ রোববার ভোরে বাংলাদেশ-ভারত সীমান্ত নদী রায়মঙ্গল সংলগ্ন কচুখালী খাল থেকে ওই তিন জেলেকে অপহরণ করা হয় বলে জেলেরা জানিয়েছে।
অপহৃতরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মীরগাঙ গ্রামের দাউদ গাজীর ছেলে রাশেদুল (৩৬), একই গ্রামের বেলাত সরদারের ছেলে রহমত আলী (৩১) ও পার্শ্বেখালী গ্রামের মোকছেদ গাজীর ছেলে কওসার গাজী (৩৩)।
নিজেকে ঘটনার প্রত্যক্ষদর্শী দাবি করে পার্শ্বেখালী গ্রামের রমজান আলী নামের এক জেলে জানান, বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনের কচুখালি খালে মাছ ধরার সময় আলম বাহিনীর সদস্যরা তিন জেলেকে অপহরণ করে। তারা অপহৃতদের মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেছে। বনদস্যুরা এ সময় জেলেদের মাছ ও নৌকা নিয়ে গেছে বলে জানান রমজান আলী।
এ বিষয়ে জানতে চাইলে বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাকসুদুল আলম বলেন, ‘অপহরণের বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা