নির্বাচন ঠিকমতো হয়েছে : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিটি করপোরেশন নির্বাচন ঠিকমতো হয়েছে। এ নির্বাচনে সেনাবাহিনীর টহল দেওয়ার প্রয়োজন পড়েনি। মাগুরা-১ আসনের উপনির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
এ সময় ইলেকশন ওয়ার্কিং গ্রুপ ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাশ বাংলাদেশ-টিআইবির পর্যবেক্ষণ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ইলেকশন ওয়ার্কি গ্রুপ নিজেরা কোন পর্যবেক্ষণ করে না। তাদের সঙ্গে অনেকগুলো নিবন্ধিত সংস্থা রয়েছে। কমিশন প্রত্যেক সংস্থাকে পর্যবেক্ষণের অনুমতি দিয়েছে। এদের মধ্যে দুটি সংস্থার প্রতিবেদন পাওয়া গেছে। তাঁরা বলেছে, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে।’
সেনাবাহিনী মোতায়েন নিয়ে ইসি দোদুল্যমান ছিল বলে টিআইবির অভিযোগ প্রসঙ্গে কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘সেনা মোতায়েনের বিষয়ে ইসি দোদুল্যমান ছিল না। সব ঠিক ছিল। এ ছাড়া অন্যান্য বাহিনীর মতো সেনাবাহিনীর টহল দেওয়ার কথা নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তাদের ডাকলে আসত। তবে ডাকার প্রয়োজন পড়েনি।’
সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে সম্প্রতি প্রকাশিত টিআইবির প্রতিবেদন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ব্যয় সংক্রান্ত প্রতিবেদন হাতে পেলে তা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। তবে টিআইবির প্রতিবেদনও বিবেচনা করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের প্রধান কর্মকর্তা বলেন, ‘নিশ্চয় আমরা প্রার্থীদের ব্যয়ের হিসাব নেই। তবে তার নির্দিষ্ট সময় আছে। এরই মধ্যে নির্বাচনী ব্যয় জমা দিতে চিঠি দেওয়া হয়েছে। আগামী ২৯ মের মধ্যে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর ব্যয় বিবরণী জমা দেওয়া কথা রয়েছে। প্রার্থীদের প্রতিবেদন হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে ইসি খুব সতর্ক রয়েছে।’
৩০ মে মাগুরা-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অনলাইন ডেস্ক