দেয়ালজুড়ে মনমন্দিরের ছবি
পেশাদার ও অপেশাদার ফটোগ্রাফারদের হাজারো ছবি থেকে বাছাই করা ১৮০টি ছবি। নান্দনিক এসব ছবিতে নির্মিত হয়েছে মনমন্দির। ইংরেজিতে বললে টেম্পল অব দ্য মাইন্ড। হ্যাঁ ঠিক এই শিরোনামেই শুরু হচ্ছে ছবির প্রদর্শনী ‘স্মার্ট-এইচপি টেম্পল অব দ্য মাইন্ড’। দেয়ালজুড়ে থাকবে মন ছুঁয়ে যাওয়া সব ছবি।
ধানমণ্ডির দৃক গ্যালারিতে আগামীকাল শুক্রবার শুরু হবে তিন দিনব্যাপী এই প্রদর্শনী। চলবে রোববার পর্যন্ত।
প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজি ও এইচপির সহযোগিতায় ছবি প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশের শীর্ষ অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান অরেঞ্জ বিডি লিমিটেড পরিচালিত ফটোগ্রাফি ই কমার্স সাইট সেভেন্টিওয়ান পিক্স (www.71pix.com) ও সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক আলোকচিত্র গ্রুপ ফটোগ্রাফি ইন আওয়ার ড্রিম। এর মিডিয়া পার্টনার হিসেবে আছে এনটিভি অনলাইন, চ্যানেল নাইন, রেডিও আমার, ডেইলি সান ও সমকাল।
এর আগে সেভেন্টিওয়ান পিক্স ও ফটোগ্রাফি ইন আওয়ার ড্রিম এর উদ্যোগে মাসব্যাপী ছবি নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। পেশাদার-অপেশাদার ফটোগ্রাফারদের পাঠানো হাজারের বেশি ছবি থেকে ১৮০টি বাছাই করা হয়। আগামীকাল থেকে শুরু হওয়া প্রদর্শনীতে ওই ছবিগুলোই স্থান পাচ্ছে।
স্মার্ট-এইচপি টেম্পল অব দ্য মাইন্ড ছবি প্রদর্শনী উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডির দৃক গ্যালারিতে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। প্রদর্শনীর আয়োজক, সহযোগী ও মিডিয়া পার্টনারদের পক্ষ থেকে বাংলাদেশের স্টক ফটোগ্রাফির ক্ষেত্রে ছবি প্রদর্শনীর এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বক্তৃতায় এনটিভি অনলাইনের প্রধান খন্দকার ফকরউদ্দীন আহমেদ বলেন, ছবি এমন একটি মাধ্যম যা সামনে দিলে সবাই বিশ্বাস করে। ছবি না থাকলে শত শব্দ দিয়েও কোনো বিষয় বিশ্বাস করানো যায় না। তিনি বলেন, এএফপি, রয়টার্স, আইএএনএস, শাটারস্টক ও গেটি ইমেজের মতো অনেক ছবির এজেন্সি আছে বিদেশে। ছবি সরবরাহের জন্য বাংলাদেশে তেমনভাবে এজেন্সি গড়ে ওঠেনি। দেশের ছবি সরবরাহকারী এজেন্সিগুলো হাতেগোনা মাত্র কয়েকটি—ফোকাস বাংলা, বাংলার চোখ। সেভেন্টিওয়ান পিক্স এর সঙ্গে যুক্ত হয়েছে। ছবির প্রদর্শনীর আয়োজনের ফলে বাংলাদেশে স্টক ফটোগ্রাফির উন্নয়ন ঘটবে। সেভেন্টিওয়ান পিক্সের সঙ্গে এনটিভি অনলাইন যুক্ত আছে।প্রদর্শনীর সব ছবি এনটিভি অনলাইনে (www.ntvbd.com) প্রকাশ করা হবে।
প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজি বাংলাদেশের মহাব্যবস্থাপক মুজাহিদ আল বিরুনী ছবি প্রদর্শনীর মতো একটি আয়োজনে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। এমন আয়োজনের স্মার্টকে যুক্ত করায় তিনি এর আয়োজকদের ধন্যবাদ জানান। একই সঙ্গে পরবর্তী সময়ে এমন আয়োজনে অংশগ্রহণের আশা প্রকাশ করেন।
এইচপি বাংলাদেশের সেলস ডেভেলপমেন্ট ব্যবস্থাপক কাজী শামীম হোসেন বলেন, একজন ফটোগ্রাফারের ছবির প্রিন্ট বিশেষ গুরুত্বপূর্ণ, এটিই ছবিকে পূর্ণতা দেয়। ভালো প্রিন্টের লক্ষ্যে এইচপি কাজ করে চলছে। এই আয়োজনেও এইচপি এনেছে বিশেষ গ্রাফিক্স প্রিন্টার। এর মাধ্যমে জীবন্ত ছবি পাওয়া যায়। ছবি প্রদর্শনী উপলক্ষে বিশেষ অফার দেওয়া হচ্ছে।
ছবি প্রদর্শনীর অন্যতম আয়োজক ফটোগ্রাফি ইন আওয়ার ড্রিমের প্রতিষ্ঠাতা এল কে এম সোহেল বলেন, তাদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল এমন একটি অনুষ্ঠান করার। তবে নানা কারণে এটি আগে আয়োজন করা সম্ভব হয়নি।
সেভেন্টিওয়ান পিক্সকে নিয়ে এবার ছবি প্রদর্শনীর আয়োজন সম্ভব হয়েছে। এমন আয়োজনের পাশে থাকার জন্য তিনি স্মার্ট টেকনোলজি, এইচপি, এনটিভি অনলাইসহ সবাইকে ধন্যবাদ জানান।
সেভেন্টিওয়ান পিক্সের পক্ষ থেকে অরেঞ্জ বিডির পরিচালক মো. নুরুজ্জামান স্পন্সর প্রতিষ্ঠান স্মার্ট ও এইচপিকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁরা অনুষ্ঠানের সহযোগিতার পাশাপাশি প্রতিদিন দর্শনার্থীদের মধ্যে পুরস্কারের আয়োজন করেছেন। আগামী দিনগুলোতে ফটোগ্রাফারদের নিয়ে আরো কিছু করার পরিকল্পনা আছে সেভেন্টি পিক্সের।
প্রধান অতিথি প্রখ্যাত ফটোগ্রাফার আনোয়ার হোসেন বলেন, একটি ছবি হাজার শব্দের চেয়ে বেশি। আগে বলা হতো তলোয়াড়ের চেয়ে কলম বড়। এখন বলতে হয়, কলমের চেয়ে ছবি বড়। ভবিষ্যতে বলতে হবে, ছবির চেয়ে ডিজিটাল মিডিয়া বড়। বাংলাদেশের প্রযুক্তি ও শিল্প বিষয়ে সচেতনতা সরকারি প্রতিষ্ঠানের জন্য বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বেশি। নতুন প্রজন্মের মধ্যে প্রযুক্তি ব্যবহারের সাবলীলতা দেখা যায়। শিশু থেকে শুরু করে কর্মকর্তা পর্যায়ে সবাই প্রযুক্তি ব্যবহারে পারদর্শী।

জাহিদ আব্দুল্লাহ