যশোরে মাছ বিক্রেতাকে গুলি করে হত্যা
যশোরে সুমন হোসেন (২৫) নামের এক মাছ বিক্রেতাকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের বারান্দীপাড়া কদমতলা এলাকার টগরের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সুমন হোসেন শহরের খালধার রোডের আলিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা।
নিহতের বন্ধু প্রত্যক্ষদর্শী সবুজ হোসেন জানান, সুমন হোসেন সেখানে চা পান করছিলেন। দুটি মোটরসাইকেলে করে পলাশ, লিটন, রাব্বী, নাহিদ এসে তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামান লর্ড সুমনকে মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে সেটা তাঁরা বুঝতে পারছেন না।
সুমনের চাচা আকবর হোসেনও বুঝতে পারছেন না কী কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
তবে স্থানীয় একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যশোর আসেন। নেতাদের অভিনন্দন জানাতে মিছিল নিয়ে সার্কিট হাইসে যাওয়ার জন্য সুমন হোসেনকে আহ্বান করেছিল স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষ। কিন্তু সুমন রাজি না হওয়ায় ক্ষিপ্ত ছিল ওই পক্ষটি। এরই জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, সুমনকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কোনো যোগসূত্র আছে কি না সেটা এখনই বলা যাচ্ছে না। তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের আটক করলেই প্রকৃত রহস্য জানা যাবে।

সাইফুল ইসলাম সজল, যশোর