ধর্ষণের শিকার শিশুর চিকিৎসায় অর্থ অনুদান
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় ধর্ষণের শিকার এক শিশুর চিকিৎসা খরচের জন্য তার মায়ের হাতে ১০ হাজার টাকা অনুদান তুলে দিচ্ছেন ইউএনও রওশন আরা পলি। ছবি : এনটিভি
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় ধর্ষণের শিকার এক শিশু চিকিৎসা খরচের জন্য ১০ হাজার টাকা পেয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আরা পলি নিজ কার্যালয়ে ওই শিশুর মায়ের কাছে টাকার চেক দেন।
এ সময় ইউএনও ওই শিশুটির চিকিৎসার খোঁজ নেন এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আশ্বাস দেন। শিশুটি এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন আছে।
চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানসহ অনেকেই।
গত ১৪ নভেম্বর প্রতিবেশী ওহিদ বিশ্বাস (২৮) ওই শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনার পর শিশুর মা বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেন।

সঞ্জিব দাস, ফরিদপুর