গুলিতে নিহত বাংলাদেশির লাশ দেয়নি বিএসএফ
সাতক্ষীরার কুশখালি সীমান্তের বিপরীতে ভারতের আমুদিয়ায় গুলিতে নিহত বাংলাদেশি রাখাল মোসলেম উদ্দিনের লাশ এখনো ফেরত দেয়নি দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
গতকাল মঙ্গলবার ভোরে সাতক্ষীরার কুশখালি সীমান্তের মেইন পিলার ১১ এর সাবপিলার ৭-এর কাছে গুলিতে নিহত হন মোসলেম উদ্দিন। তিনি সাতক্ষীরার পাঁচরকি গ্রামের জোহর আলীর ছেলে।
আজ বুধবার দিনভর মোসলেম উদ্দিনের পরিবারের সদস্যরা সীমান্তের লাশের জন্য অপেক্ষা করে। কিন্তু লাশ না পেয়ে হতাশ হয়ে ফিরতে হয়েছে তাদের।
বিজিবির কুশখালি কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আলী জানান, লাশ ফেরত চেয়ে বিএসএফের আমুদিয়া ক্যাম্প কর্তৃপক্ষের কাছে চিঠি লেখা হয়েছে। আজ বিকেল পর্যন্ত তারা চিঠির কোনো উত্তর দেয়নি।
বিজিবি কর্মকর্তা আরো জানান, মোসলেমের লাশ কখন ফিরে পাওয়া যাবে তা এখনো নিশ্চিত করা যায়নি। বিএসএফের আমুদিয়া কোম্পানি অধিনায়ক বিভাস মিশ্র গতকাল মঙ্গলবার জানিয়েছিলেন, ময়নাতদন্তের পর মোসলেমের লাশ ফেরত দেওয়া হবে।
সঙ্গীরা জানায়, ভারত থেকে গরু কিনে ফেরার পথে গুলিতে নিহত হন সোমলেম উদ্দিন।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা