যশোরে ট্রাকভর্তি ভারতীয় শাড়ি জব্দ
যশোরের কেশবপুর থেকে আজ রোববার ট্রাকভর্তি ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। ছবি : এনটিভি
যশোরের কেশবপুর থেকে বিপুল ভারতীয় শাড়ি জব্দ করেছে সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবি এর সঙ্গে জড়িতদের কাউকে আটক করতে পারেনি।
বিজিবি জানায়, এ শাড়িগুলো শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা হয়েছে। আজ রোববার ভোরে বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সব শাড়ি জব্দ করে।
যশোর বিজিবির-২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে বিজিবির একটি দল কেশবপুর বাজারের মেইন রাস্তায় অবস্থান নেয়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি ট্রাক রাস্তার পাশে ফেলে রেখে চালক পালিয়ে যায়।
বিজিবি ট্রাকটি তল্লাশি করে বিপুল শাড়ি উদ্ধার করে। এর আনুমানিক মূল্য এক কোটি সাড়ে ২৭ লাখ টাকা। জব্দ হওয়া এসব শাড়ি জেলা বিজিবি হেড কোয়ার্টারে রাখা হয়েছে।

সাইফুল ইসলাম সজল, যশোর