চালককে হত্যা করে মাদারীপুরে অটো ছিনতাই
মাদারীপুর সদর উপজেলার ছিলারচর এলাকায় এক চালককে নেশাদ্রব্য জাতীয় খাবার খাইয়ে তাঁর অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল সোমবার রাতের এ ঘটনার পর আজ মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই চালকের মৃত্যু হয়েছে।
নিহত ঠাণ্ডু সরদার (৫০) মাদারীপুর সদর উপজেলার ঝাউদী গ্রামের মৃত জালাল উদ্দিন সরদারের ছেলে।
মাদারীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ঠাণ্ডু প্রতিদিনের মতো গতকাল বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়। রাতে ছিলারচর বাজার থেকে মাদারীপুর ফেরার পথে যাত্রীবেশে ছিনতাইকারীরা তাঁকে নেশা জাতীয় দ্রব্য খাওয়ায়। পরে তাঁকে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে চলে যায়।
আজ সকালে স্থানীয়রা ঠাণ্ডু সরদারকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে ভর্তি করে। তার কিছু পরেই সকাল ১০টার দিকে তিনি মারা যান।

এম. আর. মুর্তজা, মাদারীপুর