কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ দুজনকে গুলি করে হত্যা
কুমিল্লায় সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মনির হোসেন সরকার ও তাঁর শ্যালক খুন হয়েছেন। আহত হয়েছে তিনজন।
আজ মঙ্গলবার সকাল ৭টায় জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত ইউপি চেয়ারম্যান মনির তিতাস উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা ও একটি চাপাতি উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লার হোমনা-গৌরীপুর সড়ক অবরোধ করেছে যুবলীগের নেতাকর্মীরা।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম জানান, ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন সরকার সকালে একটি মামলায় কুমিল্লার আদালতে হাজিরা দিতে তিতাসের জিয়ারকান্দি থেকে মাইক্রোবাসে করে কুমিল্লায় যাচ্ছিলেন। পথে দাউদকান্দির গৌরীপুর এলাকায় মাইক্রোবাসের গতি রোধ করে অতর্কিত গাড়িতে হামলা চালায় এক দল অস্ত্রধারী সন্ত্রাসী। অস্ত্রধারীদের গুলিতে চেয়ারম্যান মনির ও তাঁর শ্যালক মহিউদ্দিন মারা যান। গুলি ও চাপাতির আঘাতে আহত হয় গাড়িতে থাকা আরো তিনজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে তিতাস যুবলীগের সাধারণ সম্পাদক জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান মনির হত্যার প্রতিবাদে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা দুপুরে হোমনা-গৌরীপুর সড়ক অবরোধ করে। এ সময় অবরোধকারীদের ধাওয়া দেয় এক দল অস্ত্রধারী। আতঙ্ক সৃষ্টি করতে তারা ফাঁকা গুলি ছুড়ে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে গৌরীপুর-হোমনা সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা