প্রথমবার ভোট দিচ্ছেন বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা
পঞ্চগড়ের তিনটি উপজেলার সদ্যবিলুপ্ত ছিটমহলযুক্ত আটটি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার সকাল থেকেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ ভোট গ্রহণ চলছে। নতুন বাংলাদেশি নাগরিকত্ব পাওয়া ছিটমহলবাসী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।
বিলুপ্ত ছিটমহলের নাগরিকদের মধ্যে অনেকেই আছেন, যাঁরা জীবনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করছেন।
সরেজমিনে দেখা গেছে, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও র্যাবের স্ট্রাইকিং ফোর্স নজরদারি করছে। তিন উপজেলার বিলুপ্ত ছিটমহলের পাশের আটটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত মহিলা সদস্যপদে ৯৮ জন এবং সদস্যপদে ৩২৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রথমবারের মতো ভোট দেওয়ার আনন্দে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে বিলুপ্ত বিভিন্ন ছিটমহলের বাসিন্দার মধ্যে। খুব আনন্দ, খুব খুশি—এমন অনুভূতিই ব্যক্ত করেছেন জীবনে প্রথম ভোট প্রদানকারী বিলুপ্ত ছিটবাসী।
জেলার তিনটি উপজেলার বিলুপ্ত ছিটমহলের আটটি ইউনিয়নে বিলুপ্ত ছিটমহলের নাগরিকসহ মোট ভোটার সংখ্যা প্রায় দেড় লাখ। আটটি ইউনিয়নে মোট ৭২টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়