জয়পুরহাটে ট্রাকচাপায় অটোচালক নিহত
জয়পুরহাটের কালাই উপজেলায় ট্রাকচাপায় এক অটোরিকশার চালক নিহত হয়েছেন।
আজ বুধবার বিকেলে উপজেলার জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পাঁচশিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চালক পালিয়ে গেলেও জনতা ট্রাকটি আটক করেছে।
নিহত জামাল উদ্দিন (৩৩) উপজেলার বেগুন গ্রামের কৃষক জয়নাল উদ্দিনের ছেলে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম প্রত্যক্ষদশীদের বরাত দিয়ে জানান, বিকেল ৫টার দিকে বগুড়া থেকে জয়পুরহাটগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিন মারা যান।
দুর্ঘটনার পর জনতা ট্রাকটিকে ধাওয়া করলে চালক সেটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট