ডাম্ব ফেরি আটকে পড়ায় নৌযান চলাচল বন্ধ
কাওরাকান্দি-শিমুলিয়া নৌপথের লৌহজং হাজরা চ্যানেল মুখের ডুবোচরে আটকে গেছে ডাম্ব (টানা) ফেরি যমুনা। এতে উভয় পারের ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
আটকে পরা যাত্রীরা জানান, আজ মঙ্গলবার ৮টার দিকে ডাম্ব ফেরিটি পদ্মার ডুবোচরে আটকে যায়। চ্যানেলমুখ বন্ধ হওয়ায় এই পথে সব ধরনের ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফেরি আটকে পড়ার কারণে সরু চ্যানেল দিয়ে অন্য কোনো নৌযান চলাচল করতে পারছে না। এ কারণে শিমুলিয়া ও কাওরাকান্দি থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই প্রায় ১৫টি লঞ্চ নদীর মধ্যে নোঙ্গর করে আছে।
কাওরাকান্দিতে বিআইডব্লিউটিএর প্রকৌশলী (মেরিন) শাজাহান মিয়া জানান, কাওরাকান্দি ঘাট থেকে সাতটি ট্রাক, দুটি যাত্রীবাহী বাস ও ছোট-বড় তিনটি প্রাইভেট কার নিয়ে শিমুলিয়া ঘাটে আসছিল ডাম্ব ফেরি (টানা) যমুনা। হাজরা চ্যানেল পয়েন্টে পানির গভীরতা কম থাকায় ফেরিটি চরে আটকা পড়ে। এ ছাড়া প্রতিকূল আবহাওয়ার কারণে ফেরিটি চরের ওপর উঠে যায়। ফেরি উদ্ধার কাজ চলছে।
শাজাহান মিয়া আরো জানান, ফেরিটি কাওরাকান্দি ঘাট থেকে মূল পদ্মায় যাওয়ার সময় লৌহজং টার্নিং পয়েন্টে হাজরা চ্যানেলমুখে এলেই ডুবোচরে আটকে যায়। ফলে চ্যানেলমুখ বন্ধ হয়ে যাওয়ায় ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
রাত সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরিটি ডুবোচরে আটকে আছে। এ দিকে ফেরিটিকে উদ্ধার করতে উদ্ধারকারী জাহাজ যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
বিআইডব্লিউটিসির কাওরাকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া জানান, ডাম্ব (টানা) ফেরি শিমুলিয়া ঘাটে যাওয়ার পথে হাজরা চ্যানেলের ডুবোচরে আটকে যায়। চ্যানেল মুখ আটকে যাওয়ায় বন্ধ রয়েছে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল।

এম. আর. মুর্তজা, মাদারীপুর