খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র প্রত্যাহারের দাবি জাবি শিক্ষকদের
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতাদের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র প্রত্যাহারের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এই দাবি জানিয়ে আজ শনিবার বিকেলে ফোরামের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, জনগণের ভোটাধিকার ফিরিয়ে পাওয়া ও একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বে ২০-দলীয় জোট তিন বছর ধরে নিরন্তর আন্দোলন করে যাচ্ছে। এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার পরিকল্পিতভাবে নাশকতার ঘটনা বিরোধী দলের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। এরই অংশ হিসেবে সরকার খালেদা জিয়াকে বাস পোড়ানোর মামলার হুকুমের আসামি করে ন্যক্কারজনকভাবে মিথ্যা অভিযোগপত্র দিয়েছে।
বাস পোড়ানোর মতো ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে এ বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, তিন মাসের আন্দোলনে পেট্রলবোমা দিয়ে বাস পোড়ানোর মতো সন্ত্রাসী ঘটনা কারা ঘটিয়েছে, কারা জড়িত তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করতে হবে। সে জন্য বিএনপি চেয়ারপারসন জাতিসংঘের তত্ত্বাবধানে দেশের সব নাশকতার তদন্ত দাবি করেছেন। কিন্তু সরকার সেদিকে না গিয়ে একটি অগ্রহণযোগ্য পথের দিকে যাচ্ছে, যা দুঃখজনক।
অবিলম্বে যাত্রাবাড়ীর বাস পোড়ানোর মিথ্যা মামলায় খালেদা জিয়াসহ ৩৮ জন বিএনপি নেতার বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র প্রত্যাহারের দাবি জানান বিবৃতিদাতারা।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক মো. এনামুল হক খান, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক মো. শামছুল আলম, অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক মো. মনোয়ার হোসেন, অধ্যাপক মো. শরিফ উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান প্রমুখ।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে যাত্রী হত্যার অভিযোগে করা মামলায় খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে গত ৬ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) বশির উদ্দিন।
অভিযোগপত্রে আরো যাঁদের আসামি করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা শওকত মাহমুদ, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য-সচিব হাবিবুন নবী খান সোহেল।
গত ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ১ ফেব্রুয়ারি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর আলম (৬০) নামের এক যাত্রী। ওই ঘটনায় ২৪ জানুয়ারি বিকেলে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন থানার এসআই কে এম নুরুজ্জামান।

জাবি সংবাদদাতা