পুকুর রক্ষার দাবিতে ডিসির বাসভবন ঘেরাও
মাদারীপুর শহরের পুরান বাজারের লঞ্চঘাট এলাকার পুলিশ ফাঁড়ি পুকুরটি ভরাটের প্রতিবাদে বিক্ষোভ করেছে মাদারীপুরবাসী। পুকুর ভরাটের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টায় কর্মসূচির অংশ হিসেবে পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অব নেচার, আইন সহায়ক কেন্দ্রসহ সাধারণ জনতা মাদারীপুর পৌরসভা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধনে হাজারো নারী-পুরুষ অংশ নেয়। পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসক কালাম উদ্দিন বিশ্বাসের বাসভবন ঘেরাও করে।
এ সময় শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ লোকজন। পরে পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ পরিবেশবাদীরা জেলা প্রশাসকের কাছে পুকুর ভরাটের প্রতিবাদে স্মারকলিপি দেয়। এ সময় জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত না থাকায় স্মারকলিপিটি গ্রহণ করেন জেলা প্রশাসকের কার্যালয় সহকারী মেজবাহ উদ্দিন।
পৌর শহরের লঞ্চঘাট এলাকায় দুই একর তিন শতাংশ জায়গায় সরকারি পুকুরটি রয়েছে দীর্ঘ ২০০ বছর ধরে। এক বছর ধরে পুকুরটি ভরাট করার জন্য চেষ্টা চালাচ্ছে স্থানীয় একটি চক্র। গত মঙ্গলবার থেকে পুকুরটি ভরাট করা শুরু হয়। অপরদিকে পুকুরটি রক্ষা করার অনুরোধ জানিয়ে মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ গত এক বছরে জেলা প্রশাসককে তিন দফা চিঠি দিয়েছেন।

এম. আর. মুর্তজা, মাদারীপুর