মাদারীপুরে ধর্মঘট ডেকে অগ্রিম দুঃখ প্রকাশ
সড়ক-মহাসড়কে ইঞ্জিনচালিত নসিমন, করিমন ভটভটি বন্ধের দাবিতে বুধবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে মাদারীপুর জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
আজ মঙ্গলবার ১২টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব খোন্দকার খায়রুল হাসান নিটুল।
সংবাদ সম্মেলনে নেতারা জানান, দীর্ঘদিন ধরে মাদারীপুর জেলার ৪৮০ কিলোমিটার সড়ক-মহাসড়ক দিয়ে এসব অবৈধ যানবাহন চলাচল করে আসছে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এসব বন্ধের দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন করেছে বাস-মিনিবাস মালিক শ্রমিকরা। তবে এখনো বন্ধ না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করা হলো। ধর্মঘট চলাকালে এই জেলার ওপর দিয়ে কোনো পরিবহন যাতায়াত করতে পারবে না জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, সহসভাপতি ফাইজুল শরীফ, বাস ও মিনিবাস মালিক গ্রুপের সাবেক সহসাধারণ সম্পাদক মফিজ হাওলাদারসহ জেলা বাস, মিনিবাস, ট্রাকমালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা।
মাদারীপুর সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব খোন্দকার খায়রুল হাসান নিটুল বলেন, ধর্মঘট চলাকালে এই জেলার ওপর দিয়ে কোনো পরিবহন যাতায়াত করতে পারবে না। ধর্মঘট চলার সময় সাধারণ মানুষের দুর্ভোগ হওয়ায় নেতারা অগ্রিম দুঃখ প্রকাশ করেন।

এম. আর. মুর্তজা, মাদারীপুর