ছাত্রলীগের কেন্দ্রীয় কাউন্সিল ২৫ ও ২৬ জুলাই
ছাত্রলীগের ২৮তম কেন্দ্রীয় কাউন্সিল (জাতীয় সম্মেলন) আগামী ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এক লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন।
বদিউজ্জামান সোহাগ আরো জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন হবে আগামী ১১ জুন। আর ঢাকা মহানগর উত্তরের সম্মেলন ২৮ মে, দক্ষিণের ৩০ মে। একই সঙ্গে তিনি ১০ জুলাইয়ের মধ্যে সব জেলা শাখার ছাত্রলীগকে কাউন্সিলের তালিকা কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেন।
লিখিত বক্তব্যে বদিউজ্জামান সোহাগ আরো বলেন, নির্বাচন পরিচালনা কমিটি, সম্মেলন প্রস্তুতি, সাজসজ্জা কমিটি, উপকমিটি ও সাব-কমিটি পরে ঘোষণা করা হবে।
সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাবি সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফসহ কেন্দ্রীয় এবং মহানগর উত্তর ও দক্ষিণের অনেক নেতাকর্মী।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা