দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে মাদারীপুরে সভা
মাদারীপুরে এ বছর ৪০৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে শিবচর উপজেলাতেই হবে ৬১টি পূজা।
আজ সোমবার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিবচরে প্রশাসন, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা এবং পূজামণ্ডপের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শিবচর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার উপস্থিত ছিলেন।
সভায় মন্দিরগুলোতে কঠিন নিরাপত্তাবলয় তৈরিতে তিনটি স্তরে সার্বক্ষণিক পুলিশ পাহারার ব্যাবস্থা করাসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত, সাদা পোশাকে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), আনসারসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।

এম. আর. মুর্তজা, মাদারীপুর