গাছ কাটার অভিযোগে রাজৈরে চেয়ারম্যান গ্রেপ্তার
সরকারি রাস্তা থেকে গাছ কাটার অভিযোগে মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী মহেন্দ্রদী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার গিয়াসউদ্দিন হাওলাদার হরিদাসদী গ্রামের রাস্তা থেকে ১০টি শিশু গাছ কেটে নিয়ে যান। এ অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে আজ শনিবার সকালে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় অন্যরা পালিয়ে যায়। কাটা গাছগুলো স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, রাস্তার গাছ কাটার অভিযোগে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কামরুল হাসান বাদী হয়ে আজ মামলা করেন। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করেন, কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়েই তিনি রাস্তার পাশের মরে যাওয়া গাছগুলো কেটেছেন।
নির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম গতকাল শুক্রবারই ইউপি সদস্য গিয়াসউদ্দিন হাওলাদারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে ইতালি যান। আর এ দিনই সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ ওঠে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর