জয়পুরহাটে মোহল পাহান হত্যাকারীদের গ্রেপ্তার দাবি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নুরনগর-শিয়ালাপাড়া গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসিন্দা মোহল লাল পাহান হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জাতীয় আদিবাসী পরিষদ।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ কর্মসূচি পালিত হয়।
অ্যাডভোকেট বাবুল রবিদাসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ঐক্য ন্যাপের কেন্দ্রীয় আহ্বায়ক পংকজ দেবনাথ, বাংলাদেশ জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক শবীল চন্দ্র মুণ্ডা প্রমুখ।
গত ১৬ আগস্ট জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোহল লাল পাহানকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে তাঁর লাশ নিজ বাড়ির কাছে একটি মরিচক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর প্রায় দেড় মাস কেটে গেলেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট