রামেকে ছাত্রলীগকর্মীকে পেটাল প্রতিপক্ষরা
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখা ছাত্রলীগের এক কর্মীকে পিটিয়েছে একই সংগঠনের প্রতিপক্ষরা। আজ বুধবার দুপুর দেড়টার দিকে মেডিকেল কলেজের পিংকু হোস্টেলের পেছনে বন্ধগেট এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত রামেকের ৫৭তম এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী সজীব হোসেন (১৯) আহত হয়েছেন। তাঁকে রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রামেক কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
তবে কী কারণে সজীবকে প্রতিপক্ষরা পিটিয়েছে, তা নিয়ে কেউ মুখ খুলছে না। তবে একটি বিশ্বস্ত সূত্রের খবর, প্রেমঘটিত কারণে রামেক ছাত্রলীগের চার-পাঁচজনকর্মী সজীবকে পিটিয়েছে।
নগরীর বন্ধগেট এলাকার ওয়েলডিং শ্রমিক লুৎফর রহমান জানান, শিক্ষার্থী সজীব দুপুরে খাওয়ার জন্য রামেক প্রাচীরের উত্তর পাশে বন্ধগেট এলাকার একটি হোটেলে আসেন। তিনি হোটেলের সামনে আসামাত্র রামেক ছাত্রলীগের কর্মী আশিকুর রহমান, ফাহিমসহ চার-পাঁচজন এসে তাঁকে ঘিরে ফেলেন। এ সময় ওই শিক্ষার্থীরা কয়েকজনে মিলে সজীবকে ধরে পেটাতে থাকে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়ে গেলে মারপিটকারীরাই ফের তাঁকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে।
এ ঘটনার পর রামেক ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বিষয়টি নিশ্চিত করেন নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্যাহ। তিনি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

শ. ম সাজু, রাজশাহী