যশোরে বাসচাপায় সাবেক অধ্যক্ষসহ নিহত ২
যশোরে বাসচাপায় বাকড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুর রাজ্জাক (৭২) ও রিপন হোসেন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে যশোর-বেনাপোল সড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, আবদুর রাজ্জাক ও রিপন হোসেন সকালে একটি মোটরসাইকেলে করে যশোর থেকে ঝিকরগাছার দিকে যাচ্ছিলেন। তাঁরা দরগাহ ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাস তাঁদের চাপা দেয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আবদুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন। একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে মারা যান রিপন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা বলেন, হাসপাতালে আনার আগেই মারা যান আবদুর রাজ্জাক। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিপনের মৃত্যু হয়।
হাসপাতালে দায়িত্বরত যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলীও একই কথা বলেন।

সাইফুল ইসলাম সজল, যশোর