জলদস্যুদের ট্রলার থেকে ফেলে দেওয়া চার জেলে উদ্ধার
ঈদের আগের দিন অপহরণ হওয়া সুন্দরবনের চার জেলেকে উদ্ধার করেছে মোংলার কোস্ট গার্ড। আজ সোমবার সুন্দরবনের সুপতি এলাকায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা এই চারজেলেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার পরিঘাটা গ্রামে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান জানান, মুক্তিপণের দাবিতে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী অপহৃত জেলেদের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশন সংলগ্ন শাপলা ফরেস্ট ক্যাম্প এলাকায় আটকে রেখেছে বলে কোস্ট গার্ডের কাছে খবর আসে। এর ভিত্তিতে আজ বেলা সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা তাদের ট্রলার নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ওই ট্রলারটি ধাওয়া করে। ধাওয়ার একপর্যায়ে ট্রলারে থাকা চার জিম্মিকে নদীতে ফেলে দিয়ে দ্রুত ট্রলার নিয়ে পালিয়ে যায় দস্যুরা। পরে নদী থেকে ওই চার জেলেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাবার-দাবারের ব্যবস্থা করা হয়।
বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে (মোংলা) আনার পর উদ্ধার হওয়া চার জেলেকে নিজ বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার হোসেনপুর থানার পরীঘাটা গ্রামে পাঠানো হয়েছে বলে জানান এই কোস্টগার্ড কর্মকর্তা।
জিম্মিদশা থেকে ফিরে আসা জেলেরা হলেন পরীঘাটা গ্রামের প্রশানন্দের ছেলে শ্যামল, বিমল, কমল ও শিপু। ফিরে আসা এ চার সহোদর জানান, গত ঈদুল আজহার আগের দিন অপহরণ করে তাঁদের বনের গহীনে জিম্মি করে রাখা হয়েছিল। তাঁদের সাথে আরো যাঁদের অপহরণ করা হয়েছেল তাঁদের মহাজন-মালিক ও আত্মীয়স্বজনরা টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে। কিন্তু তাঁদের চার ভাইয়ের টাকা দেওয়ার সঙ্গতি না থাকায় এত দিন ডাকাতদের কাছে জিম্মি থাকার পর কোস্ট গার্ডের অভিযানে তাঁরা মুক্ত হতে পেরেছেন।

আবু হোসাইন সুমন, মোংলা