ফরিদপুরে সরকারি জমিতে আ. লীগ নেতার ঘর নির্মাণ
ফরিদপুরে সরকারি জমি দখল করে অবৈধভাবে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
বোয়ালমারী উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের ময়েনদিয়া বাজারের গো-হাটায় এই জমি দখল করা হয়েছে। আর যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি হলেন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সিদ্দিক মাতুব্বর।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাজারের গো-হাটা শ্রীনগর মৌজার এ নম্বর খাস খতিয়ানের ৩০৫ নম্বর দাগে অবৈধভাবে ঘর নির্মাণ করা হয়েছে। আর এই কাজ করেছেন আওয়ামী লীগ নেতা সিদ্দিক।
এ বিষয়ে সিদ্দিক মাতুব্বরের দাবি, তিনি ডিসিআর কেটে এনে ঘর নির্মাণ করছেন।
সাধারণত সরকারকে কিছু খাজনার বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য কোনো জমি ইজারা নেওয়ার পদ্ধতিতে ডিসিআর বলা হয়।
তবে একটি সূত্র জানিয়েছে, চলতি বছর জানুয়ারি মাসে ইজারা নেওয়া অন্য দাগের ১৯ বর্গমিটার জমিকে গো-হাটা এলাকার বলে উল্লেখ করে ওই স্থান অবৈধভাবে দখল করেছেন সিদ্দিক মাতুব্বর।
এ ব্যাপারে পরমেশ্বর্দী ইউনিয়নের ময়েনদিয়া তহসিল অফিসের তহসিলদার প্রদীপ কুমার বলেন, সিদ্দিক মাতুব্বর যে ডিসিআর কেটেছেন সেটি অন্য জায়গায়। প্রয়োজনীয় অনুমতি ছাড়া তাকে সরকারি জমিতে ঘর নির্মাণ না করার জন্য নিষেধ করা হয়েছে।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. খায়রুজ্জামান জানান, খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘর নির্মাণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সঞ্জিব দাস, ফরিদপুর