রাজশাহীতে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু, আহত ৩
রাজশাহীর পুঠিয়া ও তানোর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিনজন। আজ সোমবার বিকেলে হতাহতের এ ঘটনা ঘটে।
পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল জানান, আজ বিকেল ৫টার দিকে ইউনিয়নের অমৃতপাড়া গ্রামে বজ্রপাতে শাহ আবদুল আজিজ (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন একই গ্রামের উজ্জ্বল হোসেন (২২) ও বিদিরপুর গ্রামের কালাম মণ্ডল (৪৫)। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চেয়ারম্যান জানান, বিকেলে তিনজনই ক্ষেতের মধ্যে আখ কাটছিলেন। এ সময় হালকা বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আবদুল আজিজের মৃত্যু হয়।
এদিকে, তানোর উপজেলার কলমা ইউপির চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না জানান, ইউনিয়নের কুজিশহর গ্রামে বিকেল ৩টার দিকে মেঘাচ্ছন্ন আকাশ থেকে বজ্রপাত ঘটলে সুজন (৩০) নামের এক কৃষক মারা যান। এ সময় সঙ্গে থাকা তাঁর বাবা আশরাফুল আলম (৫০) আহত হন। ঘটনার সময় সুজন ও তাঁর বাবা জমির আইলে ঘাস কেটে বাড়ি ফিরছিলেন।

শ. ম সাজু, রাজশাহী