কেন্দ্র দখল-হুমকিতে নির্বাচন বর্জন : খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ক্ষমতাসীন দলের লোকজনের কেন্দ্র দখল ও হুমকি-ধমকির কারণে বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জন করতে বাধ্য হয়েছেন। গতকাল শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে এ কথা বলেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, আবদুর রিয়াজ খান, শাহজাহান ওমর, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, আহমেদ আজম খান, মাহবুবউদ্দিন খোকন, নিতাই রায় চৌধুরী, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, খোরশেদ আলম প্রমুখ।
বৈঠকে উপস্থিত আহমেদ আজম খান খালেদা জিয়াকে উদ্ধৃত করে বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‘তারা (আওয়ামী লীগ) বুঝতে পেরেছিল, নির্বাচনে ব্যাপক ভরাডুবি হবে। এ কারণে ক্ষমতাসীন দলের ক্যাডাররা ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভোটকেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেয় এবং ভোটারদের ভয়ভীতি দেখায়। এটা বন্ধে নির্বাচন কমিশন কোনো ভূমিকাই নেয়নি। ভোট বর্জন ছাড়া আমাদের বিকল্প ছিল না। আমাদের প্রার্থীরা জালিয়াতি হওয়া কেন্দ্রগুলোতে ফলাফলের অপেক্ষায় বসে থাকতে পারেন না।’
খালেদা জিয়াকে উদ্ধৃত করে আহমেদ আজম খান ইউএনবিকে বলেন, ‘নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হলে বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা বিপুল ভোটে জয়ী হতো।’
খালেদা জিয়ার এ উপদেষ্টা আরো বলেন, সিটি নির্বাচনে অংশ না নিলে জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায় বিএনপিকে ভুল বুঝত। তিনি বলেন, ‘এখন তারা বুঝতে পারছে, কেন আমরা ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিইনি।’
বৈঠকে আগামী ২০ মে অনুষ্ঠেয় বার কাউন্সিল নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান খালেদা জিয়া।

অনলাইন ডেস্ক