বিদ্যুৎ সংযোগ পেল জয়পুরহাটের প্রত্যন্ত গ্রামের ৪৯৬ পরিবার
জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকার ৪৯৬টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সাব জোনের ব্যবস্থাপনায় এক নম্বর বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর আদিবাসী পল্লীতে আনুষ্ঠানিকভাবে নতুন বিদ্যুতায়নের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।
এর মাধ্যমে রামভদ্রপুর ছাড়াও চকরসুলপুর, ছোট মানিক, বড় মানিক ও কৃষ্ণপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এই প্রকল্পে মোট ব্যয় হয়েছে এক কোটি ছয় লাখ টাকা।
বিদ্যুতায়ন উদ্বোধন অনুষ্ঠানে পাঁচবিবি পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. শফিউল আলম, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক মণ্ডল, সিনিয়র সহসভাপতি মীর রেজাউল করিমসহ কয়েকশ গ্রামবাসী উপস্থিত ছিল।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট