নির্বাচন গ্রহণযোগ্য নয় : ইডব্লিউজি
ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে বেসরকারি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)। ওই সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচনের দিনে সংঘটিত অপকর্ম, অনিয়মের কারণে এই নির্বাচনকে বিশ্বাসযোগ্য বলে মনে করেন না তাঁরা।urgentPhoto
সংবাদ মাধ্যম বিবিসি জানায়, আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ইডব্লিউজি। সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ইডব্লিউজির পরিচালক আবদুল আলীম। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের স্টিয়ারিং কমিটির সদস্য নাজমুল আহসান কলিমুল্লাহ, তালেয়া রেহমান ও কামরুল হাসান।
সংবাদ সম্মেলনে ইডব্লিউজির কর্মকর্তারা জানান, নির্বাচনে উল্লেখযোগ্য মাত্রায় অনিয়ম ও সহিংসতা হয়েছে। বিপুল ব্যালট ছিনতাই করে সিল মারার ঘটনা, ভয়ভীতি প্রদর্শন, ভোটকক্ষ দখল ও সহিংসতার ঘটনা ঘটেছে।
কর্মকর্তারা জানান, ইউডব্লিউজি তিন সিটি করপোরেশনের দুই হাজার ৭০০ কেন্দ্রের মধ্যে ৬১৯টি কেন্দ্র পর্যবেক্ষণ করেছে।
ইউডব্লিউজি দাবি করেছে, নির্বাচনী ফলাফলকে পরিবর্তনের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এসব অনিয়ম ও সহিংসতার ঘটনা ঘটানো হয়েছে। এসব রোধে নির্বাচন কমিশনের ভূমিকা পর্যাপ্ত ছিল না বলে সংস্থাটি দাবি করে।
গতকাল মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলম নির্বাচন বর্জন করেন। দুপুর সাড়ে ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে দল সমর্থিত দুই প্রার্থীর পক্ষে নির্বাচন বর্জনের ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

অনলাইন ডেস্ক