এসিল্যান্ড বটে!
সাতক্ষীরার কালিগঞ্জে ‘সরকারি কাজে বাধা ও বেয়াদবির অপরাধে’ এক ব্যক্তিকে তিন মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ভূমি অফিসের সহকারী কমিশনার (এসিল্যান্ড) শিমুল কুমার সাহা তিন মাসের কারাদণ্ডের রায় দিয়ে ওই ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেন বলে জানা গেছে। সাজা ঘোষণার পর তারেক মাসুদ নামের ওই ব্যক্তিকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
দণ্ডিত তারেক মাসুদের আত্মীয় মহতপুর গ্রামের মো. দারুস সালাম এনটিভি অনলাইনকে জানান, জেলার কালিগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে মাসুদের একটি ওয়ালটনের শো রুম রয়েছে। আর তাঁর এই জমি ব্যবহার করে জনৈক মজনুর রহমান একটি ঘর তৈরি করছেন এমন অভিযোগ করে তারেক মাসুদ সাতক্ষীরার আদালত থেকে একটি ‘১৪৫ ধারার আদেশ’ গ্রহণ করেন। আদালত থেকে আদেশটির কপি সংগ্রহ করে তিনি হাতে হাতে এনে একটি কপি কালিগঞ্জ থানায় জমা দেন এবং অপরটি নিয়ে সহকারী কমিশনার শিমুল কুমার সাহার কাছে যান।
দারুস সালাম জানান, সহকারী কমিশনারের কাছে গিয়ে মাসুদ আদেশের একটি কপি দিতে চাইলে তিনি প্রশ্ন করেন ‘ কপি হাতে হাতে আনলেন কেন?’। তখন তারেক মাসুদ উত্তর দেন, ‘বিষয়টি খুব জরুরি তাই হাতেহাতে নিয়ে এসেছি।’
এ কথা বলার পর সহকারী কমিশনার তাঁকে ‘বেয়াদব’ বলে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়ে পুলিশে সোপর্দ করেন বলে জানান দারুস সালাম।
এদিকে এই কারাদণ্ডাদেশের ব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার শিমুল কুমার সাহা তারেক মাসুদকে সাজা দেওয়ার কথা স্বীকার করে বলেন ‘এখন আমি বাসায় চলে এসেছি। কাগজপত্র না দেখে কিছু বলতে পারব না। কাল সকালে যোগাযোগ করলে কাগজপত্র দেখে বলব।’
তবে কালিগঞ্জের স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে জানা গেছে, শিমুল কুমার সাহা বলেছেন ‘তারেক সরাসরি কাগজটি আমার কাছে নিয়ে এসেছেন। তিনি সরকারি কাজে বাধা দিয়েছেন এবং বেয়াদবি করেছেন। তাই তাঁকে সাজা দেওয়া হয়েছে।’

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা