সব সময় সন্দেহ, বালিশচাপা দিয়ে স্ত্রীকে হত্যা
জয়পুরহাট সদর উপজেলার কমরগ্রাম পশ্চিমপাড়ায় দেলোয়ারা বেগম নামের এক গৃহবধূকে মারধর করে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাঁর স্বামী রেজাউল কবিরকে আটক করেছে।
গতকাল রোববার দিবাগত রাত ১টা থেকে দেড়টার দিকে হত্যার ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ দুই সন্তানের জননী দেলোয়ারা বেগম একই উপজেলার হোপের হাট এলাকার মৃত আলেফ মণ্ডলের মেয়ে।
জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল জানান, সদর উপজেলার কমরগ্রাম পশ্চিমপাড়ার রেজাউল কবির কোনো কাজ-কর্ম করেন না। সব সময় স্ত্রী দেলোয়ারা বেগমকে সন্দেহ করতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এরই জের ধরে রোববার দিবাগত ১টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে দেলোয়ারা বেগমকে প্রচণ্ড মারপিট করেন রেজাউল কবির। পরে শয়ন কক্ষে স্ত্রীর মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর লাশ বাড়ির খড়ের গাদার কাছে ফেলে রাখেন।
খবর পেয়ে পুলিশ আজ সোমবার ভোরে ঘটনাস্থলে গিয়ে দেলোয়ারা বেগমের লাশ উদ্ধার করে এবং স্বামী রেজাউল কবিরকে আটক করে।
নিহতের সাত বছরের শিশু সন্তান রাহুল তার মাকে হত্যার প্রত্যক্ষদর্শী হয়ে পুলিশের কাছে জবানবন্দি (বর্ণনা) দিয়েছে বলে জানায় পুলিশ।
ময়নাতদন্তের জন্য দেলোয়ারার লাশ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট বোন ছানোয়ারা বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেছেন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট