জঙ্গিবাদের বিরুদ্ধে রাঙামাটিতে সাংবাদিকদের মানববন্ধন
জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ- এই আহ্বানে বুধবার রাঙামাটি শহরে মানববন্ধন ও সমাবেশ করেছেন জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সাংবাদিকরা জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে নিজেদের সুদৃঢ় অবস্থানের কথা জানিয়ে, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের ভাবমূর্তি সমুজ্জল রাখতে সবাইকে জঙ্গিবাদের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেন এবং রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে ও সময় টিভির সাংবাদিক হেফাজত সবুজের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক এ কে এম মকছুদ আহম্মেদ, সুনীল কান্তি দে, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সম্পাদক আনোয়ার আল হক প্রমুখ।

ফজলে এলাহী, রাঙামাটি