এখনো আনুষ্ঠানিকভাবে অবরোধ ওঠেনি
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ এখনো আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়নি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ২০-দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী টানা অবরোধ দেওয়া হয়েছে। জোটের সবাই একসঙ্গে বসে আলোচনার পরিপ্রেক্ষিতে এটি তুলে নেওয়া বা অব্যাহত রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনো এ আলোচনার সুযোগ হয়নি।
আজ রোববার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে খালেদা জিয়া এ কথা বলেন। তিনি বলেন, ২০-দলীয় জোট বৈঠকে বসার সুযোগ পেলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে সংবাদ সম্মেলনে জোটের নেত্রী বলেন, অবরোধ এখন তেমন কার্যকর নেই।
গত ৫ জানুয়ারি বিএনপির নেতৃত্বধীন ২০-দলীয় জোটের পক্ষ থেকে খালেদা জিয়া টানা অবরোধের ডাক দেন। এখনো ওই অবরোধ তুলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

অনলাইন ডেস্ক