তিন ভারতীয় জেলের লাশ হস্তান্তর
বঙ্গোপসাগরের হিরণ পয়েন্টে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলার থেকে উদ্ধার হওয়া তিন জেলের গলিত লাশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এসব লাশ হস্তান্তর করে সাতক্ষীরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এর আগে খুলনার দাকোপ থানা পুলিশ লাশ তিনটি সাতক্ষীরার ভোমরা বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার সিরাজুল গনির কাছে হস্তান্তর করে।
মোংলা কোস্টগার্ড কমান্ডার ক্যাপ্টেন মেহেদি হাসান জানান, গত মঙ্গলবার হিরণ পয়েন্টের কাছে ডুবে যাওয়া ভারতীয় মাছ ধরা ট্রলার ‘মা মহা গৌরী’ থেকে গলিত অবস্থায় তিনটি লাশ উদ্ধার করা হয়। কয়েকদিন ধরে পানিতে থাকায় বিকৃত লাশ তিনটি খুলনার দাকোপ থানায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য হস্তান্তর করা হয়।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. নাসিরউদ্দিন জানান, লাশ তিনটি উপপরিদর্শক আবদুস সবুর ভোমরা ইমিগ্রেশনে নিয়ে গেছেন।
অপরদিকে, ভোমরা বিজিবি সুবেদার সিরাজুল গনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে লাশ তিনটি পৌঁছায়। এর পর পরই ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফের পরিদর্শক শিব কুমারের কাছে লাশ তিনটি হস্তান্তর করা হয়।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা