মোংলা বন্দরে আজও ৩ নম্বর সংকেত
বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে বাগেরহাটের মোংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত আজ বৃহস্পতিবারও বলবৎ রয়েছে।
এর ফলে বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হাওয়া বয়ে যাচ্ছে মোংলা বন্দর ও আশপাশের উপকূলীয় এলাকায়।
প্রচণ্ড বাতাসে বৈদ্যুতিক তার ছিঁড়ে গতকাল বুধবার বিকেল ৩টা থেকে এখন পর্যন্ত মংলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
ঝড়-বৃষ্টির কারণে গম, সার, ক্লিঙ্কার, কয়লাসহ ১২টি জাহাজের পণ্য বোঝাই-খালাসকাজ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে মাছ ধরতে যাওয়া জেলে-মাঝিমাল্লারা সুন্দরবনের দুবলার চরসহ আশপাশের নদী-খালে নিরাপদে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে দুবলা ফিশারম্যান গ্রুপ।
আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় মোংলা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরাসহ আশপাশের এলাকা স্বাভাবিকের তুলনায় বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে।

আবু হোসাইন সুমন, মোংলা