আক্কেলপুরে মরিচক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নিজের মালিকানাধীন মরিচক্ষেত থেকে মোহন লাল পাহান (৬৫) নামের এক আদিবাসী বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের নূরপুর গ্রামে জুমুর পুকুর এলাকার ওই মরিচক্ষেত থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত মোহন লাল পাহান নূরপুর গ্রামের মৃত সহদেব পাহানের ছেলে। প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে জমিজমা সংক্রান্ত বিষয়ে এলাকাবাসীর সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে জানা গেছে।
নিহতের পরিবারের দাবি, গতকাল সোমবার রাত ১০টার দিকে তিলকপুর বাজারে চা খেতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি মোহন লাল পাহান।
আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজ খবর করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বিকেলে কয়েকজন গ্রামবাসী নূরপুর গ্রামে জুমুর পুকুর এলাকার ওই মরিচক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মোহন লাল পাহানের মৃতদেহ দেখতে পেয়ে মোবাইল ফোনে আক্কেলপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট