আশুলিয়ায় ব্যাংকে গুলি, নিহতের সংখ্যা বেড়ে ৮
সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির চেষ্টার সময় গুলিতে নিহতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছে এবং ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে।
নিহতদের মধ্যে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ অলিউল্লাহ, ব্যাংকের নিরাপত্তারক্ষী ইব্রাহিম, ব্যবসায়ী মনির হোসেন, পলাশ, জিল্লুর, নূর মোহাম্মদ ও জমিরের নাম জানা গেছে। তবে গণপিটুনিতে নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।urgentPhoto
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর আড়াইটা দিকে মোটরসাইকেলে করে ১২-১৫ জনের একদল লোক গ্রাহকবেশে ব্যাংকে আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা ব্যাংকের ব্যবস্থাপকসহ কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। তারা বোমা ও গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে লুটপাট শুরু করে। এ সময় তাদের বেপরোয়া গুলি ও বোমায় ব্যাংকের ভেতরেই মারা যান ব্যাংকটির শাখা ব্যবস্থাপক অলিউল্লাহ ও নিরাপত্তারক্ষী ইব্রাহিম।
ব্যাংকে ডাকাতির খবরটি এলাকার একটি মসজিদ থেকে মাইকিং করা হলে পাশের বাজার থেকে এলাকাবাসী এগিয়ে এসে ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুড়লে ব্যাংকের সামনেই নিহত হন মুদি দোকানদার মনির হোসেন, পলাশ ও ওয়ার্কশপ মালিক জিল্লুর।
এক ব্যাংক কর্মকর্তা এনটিভি অনলাইনকে জানান, ‘ব্যাংকে ডাকাত ঢুকছে। তার পরে গুলি-টুলি কইরা কিছু টাকা-পয়সা নিয়ে গেছে। কত টাকা নিছে সেটা আমি জানি না। হিসাব করলেই জানা যাবে।’
এদিকে ক্ষুব্ধ জনতা গুলি উপেক্ষা করে ডাকাতদের ধাওয়া দিলে ধরা পড়ে এক ডাকাত। পরে সেখানে গণপিটুনিতে মারা যান তিনি।
আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়ে। রাতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূর মোহাম্মদ ও জমির মারা যান বলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান। তিনি ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেন।
হাবিবুর রহমান আরো জানান, ঘটনার পর পুলিশ বিশমাইল-জিরাবো সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে শুরু করে তল্লাশি। রাতে বোরহান ও সাইফুল নামে দুই ডাকাতকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
এনাম মেডিকেলে আহতদের মধ্যে ভর্তি শাহাদাত হোসেন, রফিক ও আব্দুস সালামের নাম জানা গেছে।

জাহিদুর রহমান