টাকা দিয়েও হজ করতে পারবেন না ৩০ হাজার ব্যক্তি
কোটা নির্ধারণের কারণে টাকা জমা দেওয়া সত্ত্বেও এবার হজ পালনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় ৩০ হাজার ব্যক্তি। সৌদি সরকারের দেওয়া কোটা অনুযায়ী এবার সরকারি ও বেসরকারিভাবে এক লাখ এক হাজার ৭৯৮ ব্যক্তি হজ পালনের সুযোগ পাচ্ছেন।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী এবার ১০ হাজার ব্যক্তি ব্যাংকে টাকা জমা দেওয়ার পরও হজে যেতে পারছেন না। এর বাইরে বিভিন্ন হজ এজেন্সি আরো ২০ হাজার হজযাত্রীর কাছ থেকে ফরম পূরণের মাধ্যমে অগ্রিম টাকা নিয়েছে। কিন্তু যেহেতু তাঁরা হজে যেতে পারছেন না, তাই তাঁদের টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। আগামীবার হজের সময় তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
এবার সরকারি ব্যবস্থাপনায় (ব্যালটি) হজে যাচ্ছেন তিন হাজার জন। অবশিষ্ট ৯৮ হাজার ৭৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন। হজযাত্রীদের সার্বিক সেবাদানের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আন্তমন্ত্রণালয় কমিটি কাজ করছে বলেও জানান মন্ত্রী।
ধর্মমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনার উন্নতি, আর্থসামাজিক উন্নতি ও সেবার মান বৃদ্ধি পাওয়ায় এবার হজযাত্রীর সংখ্যা বেড়েছে।
সংবাদ সম্মেলনে ধর্মসচিব ড. চৌধুরী বাবুল হাসানও উপস্থিত ছিলেন।
এবার কাবা শরিফের আশপাশের স্থান উন্নয়নের জন্য সৌদি সরকার প্রতিটি দেশেই হজে গমনেচ্ছুদের সংখ্যা সীমিত করে দিয়েছে।

এম এ নোমান