বাগেরহাটে ‘ইয়াবাসহ’ আটক ৫
বাগেরহাটে এক অভিযান চালিয়ে ১৯৫টি ইয়াবা বড়িসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের শরীফ ম্যানশনে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই পাঁচ ব্যক্তিকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ শুক্রবার দুপুরে বাগেরহাট মডেল থানায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহতাবুর রহমান বাদী হয়ে পাঁচ যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন বাগেরহাট শহরের খারদ্বার এলাকার রুবেল ফকির (২৮), পূর্ব বাসাবাটি এলাকার এস এম তানভীর ফয়সাল শোভন (২৫), রামপাল উপজেলার মল্লিকের বেড় গ্রামের শামীম হাসান পলক (২৭), মোরেলগঞ্জ উপজেলার জোকা গ্রামের শেখ শুকুর (৩৮) ও একই উপজেলার মিত্রডাঙ্গা গ্রামের আল আমিন মোল্লা (২৭)।
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ দেবনাথ বলেন, ‘বৃহস্পতিবার রাতে বাগেরহাট শহরের মনিকা সিনেমা হলের পাশে শরীফ ম্যানসনের চারতলায় মাদক কেনাবেচা হচ্ছে এই গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় তারা পাঁচ যুবককে ১৯৫টি ইয়াবা বড়িসহ আটক করে। এই পাঁচ যুবক মিলে প্রায় ছয় মাস আগে শরীফ ম্যানশনের চারতলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। এখান থেকে তাঁরা জেলার বিভিন্ন স্থানে মাদক কেনাবেচা করছিলেন পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে পুলিশ সুপার দাবি করেন। এঁরা পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহতাবুর রহমান বাদী হয়ে পাঁচ যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রবিউল ইসলাম, বাগেরহাট