হামলার ঘটনায় আনিসুল হকের উদ্বেগ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে আনিসুল হক বলেন, ‘এ ধরনের ঘটনার মাধ্যমে নির্বাচনী পরিবেশকে ঘোলাটে করা হচ্ছে, অস্থিতিশীল করা হচ্ছে। এর ফলে আমরা যাঁরা নির্বাচনী মাঠে আছি, নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাস করি, জনগণের মতামতে বিশ্বাস করি, তাঁরাই ক্ষতিগ্রস্ত হব। সুবিধা নেবে নির্বাচন ও জনগণবিরোধী অপশক্তি।’
অবিলম্বে এ ঘটনার তদন্ত ও বিচার হওয়া উচিত বলেও মনে করেন এই মেয়র পদপ্রার্থী।
গতকাল সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালানোর সময় রাজধানীর কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। সে সময় ঘটনাস্থলে দুই-তিনজন পুলিশের উপস্থিতি থাকলেও তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি তাদের।
হামলাকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবকরা সবাই স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এ সময় কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। এ ছাড়া উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন।
খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তারক্ষী বাহিনী সিএসএফের সদস্যরা খালেদা জিয়ার গাড়িটি ঘিরে ধরে ঘটনাস্থল থেকে বের করে দেন। এ সময় কয়েকটি গাড়ির কাচ পেছন থেকে লাঠি ও ইট দিয়ে ভেঙে দেন কয়েকজন যুবক।
গাড়িবহরে হামলার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সন্ধ্যায় তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘খালেদা জিয়া সেখানে ভোট চাইতে গিয়েছিলেন। তখন স্থানীয় লোকজন তাঁর প্রতি কালো পতাকা প্রদর্শন করে। এ সময় ওই স্থানীয়দের সঙ্গে খালেদা জিয়ার সাথে থাকা বিএনপির নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে খালেদা জিয়া ঘটনাস্থল ত্যাগ করেন।’
গাড়ি ভাঙচুরের কথা জানতে চাইলে ওসি জানান, বিষয়টি তাঁর জানা নেই।
এদিকে, খালেদা জিয়ার ওপর এ হামলার ঘটনায় তাঁর আইনজীবীরা আজ সকালে মামলা করতে গেলে তা গ্রহণ করেনি তেজগাঁও থানার পুলিশ। তবে একই ঘটনায় আহত আওয়ামী লীগের এক নেতার মামলা নিয়েছে তারা।

অনলাইন ডেস্ক