মাঠে নেমে খালেদা জিয়া নাটক করছেন: প্রধানমন্ত্রী
বিএনপির চেয়ারপারসনের গাড়িবহরে হামলার ঘটনাকে ‘নাটক’ বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘খালেদা জিয়া মাঠে নেমে নাটক করছেন।’
আজ সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে প্রধানমন্ত্রী কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা প্রসঙ্গে এ কথা বলেন। তিনি খালেদা জিয়াকে ‘নাটক’ বন্ধ করে ‘মানুষকে শান্তি’ দেওয়ার আহ্বান জানান।
urgentPhoto
প্রধানমন্ত্রী বলেন, ‘মাঠে নেমেই তিনি নৈরাজ্য সৃষ্টি করেছেন। মানুষ এই নৈরাজ্য বেগমের কাছ থেকে মুক্তি চায়। আমি তাঁকে বলব, দেশের মানুষকে যেন তিনি তাঁর নাটক থেকে মুক্তি দেন।’
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, প্রধানমন্ত্রী বলেন, ৯২ দিন পর নৈরাজ্য অবস্থা থেকে মুক্তি পেয়েছিল। এখন খালেদা জিয়া রাস্তায় নেমে এসেছেন এবং নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছেন। নির্বাচনী প্রচারের জন্য রাস্তায় নেমে তিনি নাটক করছেন।
প্রধানমন্ত্রী দাবি করেন, খালেদা জিয়ার নিরাপত্তা কর্মকর্তা কোনো ধরনের উসকানি ছাড়াই খোলা আকাশে গুলি করেছেন। এভাবেই খালেদা জিয়া নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন।
‘খালেদা জিয়া একটি জরিপ পেয়েছেন এবং তিনি ভালো করে জানেন সিটি করপোরেশন নির্বাচনে তিনি জিততে পারবেন না। যখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন তখন তিনি নাটক করছেন,’ বলেন শেখ হাসিনা।
খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করবেন না। আপনার নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করুন।’ তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আমার ধারণা।’
এর আগে বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে জনসংযোগ করার সময় কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। বিএনপির পক্ষ থেকে জরুরি এক সংবাদ সম্মেলন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ দাবি করেন, খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে।
এর আগে গতকাল রোববার দুপুরে উত্তরায় তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারের সময় খালেদা জিয়ার গাড়িবহরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের একটি মিছিল থেকে কালো পতাকা দেখানো হয়। সন্ধ্যায় খালেদা জিয়ার গাড়িবহর অবরোধ করে রাখার ঘটনাও ঘটে।

নিজস্ব প্রতিবেদক