সরকার প্রতি মুহূর্তে গণতন্ত্রকে হত্যা করছে : শামা ওবায়েদ
বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয়) শ্যামা ওবায়েদ রিংকু আজ শনিবার ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে এক সমাবেশে বক্তব্য দেন। ছবি : এনটিভি
এই সরকার প্রতি মুহূর্তে দেশের গণতন্ত্রকে হত্যা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয়) শ্যামা ওবায়েদ রিংকু। তিনি বলেন, বিগত দিনে দেশে যত খুন, গুম ও হত্যা হয়েছে এর জন্য এই সরকার দায়ী।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজার রায়ের প্রতিবাদে ফরিদপুরে মিছিল পরবর্তী সমাবেশে শ্যামা ওবায়েদ রিংকু এ কথা বলেন।
আজ শনিবার বিকেলে শহরের চৌরঙ্গী মোড় থেকে ফরিদপুর জেলা বিএনপি একটি মিছিল বের করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। বাধা পেয়ে নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনের সড়কে সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি শেষ করে।
সভায় বক্তব্য দেন শ্যামা ওবায়েদ রিংকু, জেলা বিএনপির সভাপতি জহুরুল হক শাহজাদা মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী ইছা। এ সময় জেলা ও উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সঞ্জিব দাস, ফরিদপুর