পচা আম দিয়ে তৈরি হচ্ছিল সেজান জুস, জরিমানা
রাজশাহীর গোদাগাড়ীতে সেজান জুস কোম্পানির হাসেম এগ্রো প্রসেসিং কারাখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পচা আম ধ্বংস করা হয়েছে।
এ ছাড়া পচা আম দিয়ে জুস তৈরির অপরাধে কারখানাকে দুই লাখ টাকা জরিমানাও করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার রিশিকুল ইউনিয়নের চব্বিশনগর এলাকায় হাসেম ফুডস লিমিটেডের বাজারজাতকারী সজীব করপোরেশনের সেজান জুসের কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনির হোসেনের নেতৃত্বে রিশিকুল ইউনিয়নের চব্বিশনগর এলাকায় ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেওয়া গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, অভিযান পরিচালনার সময় কারখানায় গিয়ে দেখা যায়, সেখানে বিপুল পরিমাণ আম দিয়ে জুস তৈরির প্রক্রিয়া চলছিল। সেখানে কার্টনে সাজিয়ে রাখা আম ছিল পচা। কার্টনে রক্ষিত আমগুলোর পচে দুর্গন্ধ বের হচ্ছিল। সেখানে মাছি ভনভন করছিল। এ ছাড়া কারখানার ভেতর টিনের ঘরের এককোণে আগে থেকে সংগৃহীত বিপুল পরিমাণ পচা আম ধানের খড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল।
ওসি জানান, অভিযানে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অবস্থা দেখে তাৎক্ষণিক প্রায় ৪০০ মণ পচা আম জব্দ করে ধ্বংস করার জন্য পুলিশকে নির্দেশ দেন। পরে সেগুলো পুকুরপাড়ে ফেলে ধ্বংস করা হয়।
এ সময় খাবার অনুপযোগী পচা আম দিয়ে জুস তৈরি করে বাজারজাতকরণের অবৈধ উপায় অবলম্বন করায় কারখানার ডেপুটি ম্যানেজার নুরুল করিমকে জিজ্ঞাসাবাদ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন। কারখানার ডেপুটি ম্যানেজার নুরুল করিম ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কাজ আর করবেন না বলে ভ্রাম্যমাণ আদালতের কাছে প্রতিশ্রুতি দেন।

শ. ম সাজু, রাজশাহী