দায়ীদের ধরতে সাতদিনের আলটিমেটাম
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ষবরণ উদযাপন করতে যাওয়া তরুণীদের যৌন হেনস্তা করা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আগামী সাতদিনের মধ্যে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে কঠোর কর্মসূচিতে যাবে বলে জানিয়েছে ছাত্র সংগঠনটি।
আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্র ইউনিয়ন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জি এম জিলানী শুভ। সংবাদ সম্মেলনে ঘটনার সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
জিলানী বলেন, ‘মঙ্গলবার প্রায় ৩০-৩৫ জন যুবক প্রকাশ্যে নারীদের যে যৌন হয়রানি করেছে, সেটি অত্যন্ত ন্যক্কারজনক। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলেও তাঁরা যথাযথ পদক্ষেপ নেয়নি, যা পরিস্থিতিকে আরো নাজুক করে ফেলে। ঘটনার সময় ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা এগিয়ে গেলে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী, রমনা থানার সাধারণ সম্পাদক অমিত দেসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।’ পুলিশের নিষ্ক্রিয় অবস্থানের কারণে এ ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
জিলানী আরো বলেন, ‘টিএসসি ও মিলন চত্বরে পুলিশের টহলরত অবস্থানের কাছাকাছি জায়গায় এ ঘটনা ঘটে যেখানে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ ও সিসি ক্যামেরা ছিল। তা সত্ত্বেও পুলিশ ব্যবস্থা নিতে গড়িমসি করে। আমরা এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আগামী সাতদিনের মধ্যে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ করছি। ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
সংবাদ সম্মেলনের আগে প্রগতিশীল ছাত্রজোট ও ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় এলাকায় পৃথক ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে।
বর্ষবরণ অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে যৌন হেনস্তার শিকার হয়েছেন কয়েকজন নারী। গতকাল মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত প্রায় ২৫ জন যুবক বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ ঘটনা ঘটায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা